https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নীতির ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ আর সাধারণভাবে থাকছে না। ভিজিট ভিসায় মালয়েশিয়া যেতে চাইলে বাংলাদেশিদের ক্ষেত্রে সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১ সেপ্টেম্বর থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা আর সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে দেওয়া হচ্ছে না। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের ক্ষেত্রে এ সুবিধা বাতিল করে সিঙ্গেল এন্ট্রি ভিসার ব্যবস্থা করা হয়েছে।
তবে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ থাকছে। ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজমের মতো নির্দিষ্ট উদ্দেশ্যে আবেদনকারীরা এ সুবিধা পেতে পারেন।
নতুন এই নীতি মূলত ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার ওপর এর সরাসরি কোনো প্রভাব নেই।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন ভিসা নীতির বিষয়টি জানানো হয়েছে। ফলে বাংলাদেশি পর্যটকদের মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে ভিসার ধরন ও ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী নতুন নিয়ম মেনে আবেদন করতে হবে।