ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজন

ছবি: -সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন স্থানে দিনটি উদযাপন করবেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।

জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দিনটি উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সরকারি ছুটি।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার জন্যই তাঁর আবির্ভাব হয়েছিল বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস।

জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৮টায় গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে বের হবে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল। মিছিলটি জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার ও গোলাপশাহ মাজার হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। রাতে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা।

ইসকন ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এতে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন-কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বিভিন্ন মন্দির ও অনুষ্ঠানস্থলে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত ও বিদেশি নাগরিকদের নিরাপত্তায়ও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

উৎসবকে কেন্দ্র করে নাশকতা, গুজব ও সাম্প্রদায়িক উসকানি ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার নজরদারি জোরদার করেছে র‌্যাব। সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930