https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্বেই স্বপ্নভঙ্গ হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের। ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লা সেলেস্তেরা। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছে স্পেন।
ম্যাচের একমাত্র গোলটি আসে উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার বড় এক ভুল থেকে। প্রথমার্ধের শেষ দিকে মার্কোস ইয়োরেন্তের নিচু ক্রস থেকে আলেক্স বায়েনার দুর্বল শট সহজেই তালুবন্দি করতে পারতেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। কিন্তু অবিশ্বাস্যভাবে বল নিজের জালেই ঢুকিয়ে দেন তিনি।
পঞ্চম বিশ্বকাপ খেলতে আসা মুসলেরার এই ভুলই শেষ পর্যন্ত উরুগুয়ের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধ শুরুতেই তাকে তুলে নামানো হয় সের্হিও রোচেতকে।
শুরু থেকেই ম্যাচটি ছিল উরুগুয়ের জন্য বাঁচা-মরার লড়াই। রক্ষণে দৃঢ়তা দেখালেও আক্রমণে ডারউইন নুনিয়েজদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি। প্রথমার্ধে রদ্রিগো বেনতানকুরের দূরপাল্লার শটই ছিল তাদের সেরা সুযোগ।
বিরতির পর স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। উরুগুয়ে কয়েকটি সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি। শেষ দিকে ফেরান তোরেস সহজ সুযোগ নষ্ট করেন, আর ম্যাচের অন্তিম মুহূর্তে ডারউইন নুনিয়েজের ভুল সিদ্ধান্ত উরুগুয়ের শেষ আক্রমণের সম্ভাবনাও শেষ করে দেয়। যোগ করা সময়ে ডিফেন্ডার পাউ কুবার্সিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন কানোপিও।
এই হারে গ্রুপে তৃতীয় হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে। দেশের ফুটবল ইতিহাসে এটি মাত্র পঞ্চমবার, যখন তারা গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল।
অন্যদিকে তিন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখল স্পেন।