কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে পাওয়া ৪৩ বস্তা টাকার গণনা চলছে। গণনা শুরুর সাড়ে তিন ঘণ্টায় ১০ কোটি টাকা পাওয়া গেছে। এছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও উদ্ধার হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল সোয়া ৭টার দিকে ছয় মাস পর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। পরে সকাল ৯টা থেকে মসজিদের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজ শুরু হয়।

রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রফিকুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গণনায় ১০ কোটি টাকা পাওয়া গেছে। গণনা শেষে টাকাগুলো মসজিদের হিসাবে জমা দেওয়ার জন্য রূপালী ব্যাংকে পাঠানো হচ্ছে। প্রায় ৫৯০ সদস্যের একটি দল গণনার কাজে অংশ নিয়েছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর তিন মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হলে সেখানে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। সেবারও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছিল।

দানবাক্সের টাকা গণনার কাজ শেষ হলে মোট অর্থ, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রার পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।