বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সব বিষয়ে শুধু বিরোধিতা করার রাজনৈতিক সংস্কৃতি তিনি সমর্থন করেন না। একই সঙ্গে সরকার ও বিরোধী দল—উভয়কেই পারস্পরিক সম্মান বজায় রেখে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধী দল শুধু বিরোধিতাই করবে—ব্যক্তিগত ও দলগতভাবে আমরা এই রাজনৈতিক সংস্কৃতি সমর্থন করি না। সরকারকে বিরোধী দলকে সম্মান করতে হবে, আবার বিরোধী দলেরও দায়িত্ব থাকবে দেশ গঠনে গঠনমূলক ভূমিকা রাখা।”
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক হবে পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং দেশের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তিগুলো স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জাতীয় সংসদে উপস্থাপন করা উচিত। সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়; রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদের মাধ্যমেই সম্পন্ন হওয়া প্রয়োজন।

মন্তব্য করুন