বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের (ইভি) ব্যবহার নিয়ে ব্যাপক সম্ভাবনার কথা বলা হলেও বাস্তব চিত্র এখনো হতাশাজনক। দেশে প্রায় ৬০ লাখ বৈদ্যুতিক থ্রিহুইলার চলাচল করলেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে নিবন্ধিত বৈদ্যুতিক গাড়ির সংখ্যা মাত্র ৬৬৯টি। সংশ্লিষ্টরা বলছেন, চার্জিং অবকাঠামোর সীমাবদ্ধতা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাব এবং সমন্বিত নীতিমালার ঘাটতিই এ খাতের বড় বাধা।
শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) আয়োজিত ‘বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের (ইভি) ব্যবহার : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।
মূল প্রবন্ধে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমাতে ইভির ব্যবহার দ্রুত বাড়ছে। বাংলাদেশেও কর ও শুল্ক সুবিধাসহ বিভিন্ন নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চার্জিং স্টেশন সম্প্রসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ব্যাটারি ব্যবস্থাপনা, প্রযুক্তিগত মানদণ্ড নির্ধারণ এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানো ছাড়া এ শিল্পের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।
তিনি আরও বলেন, দেশে বিপুলসংখ্যক বৈদ্যুতিক থ্রিহুইলার চলাচল করলেও নিবন্ধিত ইভি গাড়ির সংখ্যা অত্যন্ত কম। এটি প্রমাণ করে, সম্ভাবনাময় এ খাত এখনো প্রয়োজনীয় নীতিগত ও অবকাঠামোগত সহায়তা থেকে বঞ্চিত। এ অবস্থায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি সমন্বিত নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে ইভি খাতের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম সমন্বয়ের জন্য একটি কেন্দ্রীয় সমন্বয়কারী সেল গঠনের প্রয়োজন রয়েছে।
শিল্প সচিব আব্দুন নাসের খান জানান, ইভি খাতের জন্য একটি নীতিমালার খসড়া প্রস্তুত হয়েছে। আন্তঃমন্ত্রণালয় আলোচনা ও অংশীজনদের মতামতের ভিত্তিতে শিগগিরই একটি যুগোপযোগী নীতিমালা চূড়ান্ত করা হবে।
স্রেডার পরিচালক মো. আমিনুর রহমান বলেন, দেশে এখন পর্যন্ত ৩২টি ইভি চার্জিং স্টেশন স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে ৯টি চালু রয়েছে। তিনি চার্জিং অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি আমদানিকৃত ইভি ও ব্যাটারির মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপর জোর দেন।
বক্তারা বলেন, পরিবহন খাতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে পারলে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং পরিবেশ দূষণও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তবে এ লক্ষ্য অর্জনে প্রয়োজন কার্যকর নীতিমালা, উন্নত অবকাঠামো, সহজ অর্থায়ন এবং নির্ভরযোগ্য তথ্যভিত্তিক পরিকল্পনা।

মন্তব্য করুন