প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ঘনিষ্ঠ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এই সফরে দুই দেশ ‘অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গঠনে সম্মত হয়েছে, যা পারস্পরিক সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা করবে।
শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরটি বাংলাদেশ-চীন সম্পর্ককে সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে গেছে। তার ভাষ্য, কুয়ালালামপুর ও বেইজিংয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন বৈঠক, ছবি ও ভিডিওতে বাংলাদেশের কূটনৈতিক গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির জানান, রাজনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ ও চীন দলীয় পর্যায়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। তাঁর মতে, এটি দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা, জলসম্পদ পরিকল্পনা, জলবিদ্যাগত পূর্বাভাস, বন্যা প্রতিরোধ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নদী খনন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে দুই দেশ একমত হয়েছে।
মালয়েশিয়া ও চীনে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার (২৬ জুন) রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সরকার।

মন্তব্য করুন