প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন।

রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে শেরেবাংলা নগরে স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি ও দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন এবং প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।