২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের আগে কর ও শুল্ক কাঠামোয় একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করা, করপোরেট কর কমানো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর হ্রাস, খুচরা পর্যায়ে প্রস্তাবিত একক ভ্যাট প্রত্যাহার এবং সোনা বিক্রিতে মূলধনি মুনাফা কর কমানোর বিষয় রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সোমবার সংসদে অর্থবিল পাসের সময় এসব পরিবর্তন অন্তর্ভুক্ত হতে পারে।
সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা রাখা হলেও বিভিন্ন মহলের মতামতের পর তা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে এই সীমা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
বিনিয়োগ উৎসাহিত করতে আগামী পাঁচ অর্থবছরের জন্য শর্তসাপেক্ষে করপোরেট কর আড়াই শতাংশ কমানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল ও প্রকৌশল কলেজসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া সোনা বিক্রির ক্ষেত্রে প্রস্তাবিত ১৫ শতাংশ মূলধনি মুনাফা কর কমিয়ে ৫ শতাংশ করার বিষয়ও বিবেচনায় রয়েছে।
ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবির মুখে খুচরা পর্যায়ে প্রস্তাবিত নির্দিষ্ট ভ্যাট আপাতত কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রস্তাব অনুযায়ী, মুদি দোকান, প্রসাধনীর দোকান, মিষ্টির দোকান ও রেস্তোরাঁসহ ১৬টি খাতে নির্দিষ্ট ভ্যাট আরোপের কথা ছিল। তবে এ বিষয়ে এখনই বিধিমালা জারি করা হচ্ছে না বলে এনবিআর সূত্র জানিয়েছে।
এনবিআর কর্মকর্তারা বলছেন, এসব পরিবর্তনের লক্ষ্য হলো বেসরকারি বিনিয়োগ বাড়ানো, ব্যবসা সহজ করা, মূল্যস্ফীতির চাপ কিছুটা কমানো এবং সামগ্রিকভাবে বাজেটকে আরও বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য করা।

মন্তব্য করুন