তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা আমূল বদলে গেছে। এখন কোনো প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং দীর্ঘ সীমান্ত পাহারা দেওয়ার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।
বুধবার (১ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এএম সাজ্জাদ মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ এখন আর শুধু সমরাস্ত্রের বিষয় নয়, যোগাযোগও কেবল কণ্ঠস্বর বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেখিয়ে দিয়েছে, কীভাবে ডিজিটাল কারসাজির মাধ্যমে একটি দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
তিনি বলেন, আনসার বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে প্রচলিত দায়িত্বের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে আধুনিক ও সময়োপযোগী চিন্তার মাধ্যমে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ প্রশংসনীয়।
জহির উদ্দিন স্বপন জানান, সরকারের তথ্য ব্যবস্থাপনা পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আনসার বাহিনীর তৈরি ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্ম ভূমিকা রাখবে। তিনি অ্যানালগ থেকে ডিজিটাল ব্যবস্থায় সফল রূপান্তরের জন্য বাহিনীর নেতৃত্বকে অভিনন্দন জানান।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় জ্ঞান ও দক্ষতাকে প্রতিনিয়ত হালনাগাদ রাখতে হবে। অন্যথায় আজকের আধুনিক ব্যক্তি আগামীকালই অচল হয়ে যেতে পারেন।
মন্ত্রী আরও বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মটি অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্যও অনুসরণযোগ্য একটি উদাহরণ হতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন