২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের প্রাক-নিবন্ধনের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ও নথি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে হজের আর্থিক লেনদেন আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে সব হজযাত্রীর নিজস্ব বা পারিবারিক ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

মন্ত্রণালয় জানিয়েছে, হজে গমনের প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। এ সময় আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), অথবা বাংলাদেশি পাসপোর্ট কিংবা জন্মসনদ, একটি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে।

একই পরিবারের একাধিক সদস্য হজে যেতে চাইলে তাদের জন্য একটি ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজযাত্রীদের আর্থিক লেনদেন স্বচ্ছ ও নিরাপদ রাখতে ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া, যেসব হজযাত্রী আগে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য জমা দেননি, তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় অবশ্যই ব্যাংক হিসাবের তথ্য প্রদান করতে হবে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৭ সালের হজের জন্য গত ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।