বাংলাদেশের তিস্তা নদী প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধ অনুযায়ী এবং নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে তিস্তা প্রকল্পে চীন সহায়তা অব্যাহত রাখবে।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশের প্রয়োজন ও অনুরোধ অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে চীন কাজ করবে এবং এ বিষয়ে অন্য কোনো বিষয় তাদের বিবেচনায় নেই।
ভারতের সম্ভাব্য উদ্বেগ নিয়ে প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, তিস্তা সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রকল্প। বাংলাদেশ যত দ্রুত প্রকল্পটি এগিয়ে নিতে চাইবে, চীনও তত দ্রুত সহযোগিতা করতে প্রস্তুত। প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) বিশেষ গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রকল্পটিকে চীন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও উভয় দেশের জন্য উপকারী উদ্যোগ হিসেবে দেখে। তিস্তা অববাহিকার লাখো মানুষের জীবিকা ও উন্নয়নের সঙ্গে এ প্রকল্প জড়িত থাকায় চীন সহযোগিতায় আগ্রহী।
সম্ভাব্যতা যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে ইয়াও ওয়েন বলেন, নদী অববাহিকার প্রকৃতি ও বিভিন্ন জটিল বাস্তবতা বিবেচনায় একটি পূর্ণাঙ্গ ও কার্যকর সম্ভাব্যতা সমীক্ষা অপরিহার্য। প্রকল্প বাস্তবায়নের আগে এ প্রক্রিয়া সম্পন্ন করাই চীনের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল হয়েছে এবং এটি বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন কৌশলগত উচ্চতায় নিয়ে গেছে। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা আরও দৃঢ় হয়েছে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে।
রাষ্ট্রদূতের ভাষ্য, বর্তমানে বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের অর্জিত ঐকমত্য বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে এই সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে।

মন্তব্য করুন