রাজধানীর বাজারে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে বর্তমানে ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে অধিকাংশ মাছের দামও তুলনামূলক বেশি থাকায় স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। তবে গরুর মাংস ও ডিমের বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে রুই মাছ আকারভেদে ৩০০ থেকে ৪০০ টাকা, কাতল ২৩০ থেকে ৫০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৭০০ টাকা এবং টাকি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চিংড়ির দামও বেড়েছে। আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের কিছু চিংড়ির দাম ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত রয়েছে।

মুরগির বাজারে ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে প্রতি কেজি ৮০০ টাকা রয়েছে। অন্যদিকে ডজনপ্রতি ডিম ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।