ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   ৬৩ বার পঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ। ছুটির দিনের স্বাভাবিক নীরবতা ভেঙে শুক্রবার সকাল থেকেই প্রার্থী, শিল্পী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে জুমার নামাজের জন্য দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ রাখা হয়। নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানান, দুপুর ১টা পর্যন্ত ১০২ জন সদস্য ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ১৮ শতাংশ।

এদিন ভোটকেন্দ্রে ব্যতিক্রমী উপস্থিতি দিয়ে সবার নজর কাড়েন অভিনেতা শম্ভু সরকার সঞ্জয়। ব্যান্ড পার্টি ও পালকিতে চড়ে ভোটকেন্দ্রে এসে তিনি নির্বাচনী পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেন। তার ভাষ্য, শিল্পী সমিতির নির্বাচন মানেই উৎসব, তাই প্রতি নির্বাচনেই তিনি ভিন্নধর্মী আয়োজনে অংশ নেন।

সকালের দিকেই ভোট দেন অভিনেতা ডা. এজাজুল ইসলাম। পেশাগত ব্যস্ততার কারণে দ্রুত ভোট দিয়ে কর্মস্থলে ফিরে যান তিনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন এ অভিনেতা।

এবারের নির্বাচনে নতুন সদস্য অন্তর্ভুক্তি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। গঠনতন্ত্রে পাঁচটি চলচ্চিত্রে অভিনয়ের শর্ত থাকলেও, চলচ্চিত্র নির্মাণ কমে যাওয়ায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে দুইটি চলচ্চিত্রে অভিনয়ের ভিত্তিতেও কিছু সদস্যকে পূর্ণ সদস্যপদ দেওয়া হয়েছে বলে জানান বিদায়ী সভাপতি মিশা সওদাগর।

ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে গণনা করা হবে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাতেই ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আরমান-মুক্তি পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী। এছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১টি সদস্যপদের জন্য দুই প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930