দেশের সব প্রধান নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও আগামী পাঁচ দিনে পদ্মা নদীর পানি ধারাবাহিকভাবে বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদীর পানিও আগামী কয়েক দিনে বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন প্রকাশিত নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য বলছে, আগামী এক দিনে দেশের বিভিন্ন এলাকায় এবং উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী চার দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, যা বৃষ্টিপাত বাড়াতে ভূমিকা রাখতে পারে।

নদ-নদীর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী এক দিনে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়তে পারে। এরপর পরবর্তী চার দিন যমুনার পানি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা নদীর পানি আগামী দুই দিন বাড়ার পর পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে আশ্বস্ত করে পূর্বাভাসে বলা হয়েছে, পদ্মা, গঙ্গা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ দেশের সব প্রধান নদীই এ সময়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলে সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিনে বাড়তে পারে। চট্টগ্রাম বিভাগের মুহুরী, গোমতী ও ফেনী নদীর পানি প্রথম এক দিন বৃদ্ধি এবং পরবর্তী দুই দিনে দ্রুত বাড়তে পারে। এছাড়া হালদা, সাঙ্গু, সেলোনিয়া ও মাতামুহুরী নদীতেও পানির স্তরে পরিবর্তনের আভাস রয়েছে।

সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের মনু, ধলাই, খোয়াই, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী এবং ভুগাই-কংস নদীর পানি আগামী তিন দিনে বাড়তে পারে। তবে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি একই সময়ে কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।