জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশে মার্কিন দূতাবাসের আয়োজনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও শক্তিশালী করা এবং বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (৪ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জাতীয় সংসদ ভবনের নকশাকার মার্কিন স্থপতি লুই কান এবং বিশ্বের আধুনিক স্থাপত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খানের কর্ম দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রতীক।

তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসনের ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর অবদানের কথাও স্মরণ করেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতা দুই দেশের দৃঢ় অংশীদারত্বের প্রতিফলন। পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আলোকে যুক্তরাষ্ট্র বৈশ্বিক অংশীদারত্ব আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পার্লামেন্টারি ককাসের সদস্য, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।