দীর্ঘদিন ধরে সার্কাসে ব্যবহৃত হয়ে অবহেলা ও অপুষ্টিতে অসুস্থ হয়ে পড়া হাতি ‘বাদশা বাহাদুর’কে অবশেষে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় উন্নত চিকিৎসা ও নিবিড় পরিচর্যার জন্য হাতিটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে ‘বাদশা বাহাদুর’কে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় পরিচর্যার অভাবে হাতিটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে হাতিটিকে উদ্ধার করে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। তার উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বেচ্ছায় ‘বাদশা বাহাদুর’কে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান এবং আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, জাতীয় চিড়িয়াখানায় হাতিটির উন্নত চিকিৎসা, নিয়মিত পরিচর্যা এবং উপযুক্ত আবাসনের ব্যবস্থা করা হবে। সেখানে ‘বাদশা বাহাদুর’ সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হস্তান্তরের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের অবহেলার পর অসুস্থ হাতিটিকে উন্নত চিকিৎসার আওতায় আনার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদী ও সাধারণ মানুষ।

মন্তব্য করুন