জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের (ইউএন-কপস) সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এই সম্মেলনে তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনসহ বিভিন্ন পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া সম্মেলনের সাইডলাইন উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেবেন তিনি।

নিউইয়র্ক সফরকালে জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট, শান্তিরক্ষা কার্যক্রম এবং রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠকের সূচি রয়েছে।

এসব বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রমের অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিতব্য এই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরও রয়েছেন।

সম্মেলনে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আজ (৫ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সফর শেষে আগামী ১২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।