বিশ্বকাপে স্বপ্নের দৌড় অব্যাহত রেখেছে মরক্কো। তবে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেল আফ্রিকার দলটি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের অন্যতম ভরসা ইসমায়েল সাইবারিকে পাচ্ছে না মরক্কো।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টনে সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হবে মরক্কো ও ফ্রান্স। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরক্কোর কোচ মোহামেদ উয়াহবি জানান, সাইবারি এখনও পুরোপুরি সুস্থ নন।

উয়াহবি বলেন, সে এখনও প্রস্তুত নয়। তবে এখনই তার বিশ্বকাপ শেষ হয়ে যায়নি।

শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে খেলতে নেমে মাত্র ২২ মিনিটের মধ্যেই হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইবারি। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও সময়মতো ফিট হয়ে উঠতে পারেননি। ফলে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে মরক্কোকে।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন সাইবারি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। এছাড়া শেষ ষোলোর টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়সূচক স্পটকিকটিও নিয়েছিলেন এই তারকা মিডফিল্ডার।

ফ্রান্সকে চমকে দেওয়ার মতো কোনো গোপন পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন মরক্কো কোচ। তার ভাষায়, ‘আমার লুকানোর কিছু নেই। আমি চমক পছন্দ করি না। যারা আমাদের খেলা বিশ্লেষণ করেছেন, তারা জানেন আমরা কীভাবে খেলতে চাই।’

উয়াহবির মতে, বলের দখল ধরে রেখে ধৈর্যের সঙ্গে আক্রমণ গড়ে তোলাই হবে তাদের মূল লক্ষ্য। শুধু প্রান্ত নয়, মাঝমাঠ দিয়েও সুযোগ তৈরি করতে হবে। মরক্কো ইতোমধ্যে প্রমাণ করেছে যে তারা যেকোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে এবং এবারও সেই বিশ্বাস নিয়েই মাঠে নামবে।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। তবে চার বছর আগের সেই ম্যাচের সঙ্গে এবার কোনো মিল দেখছেন না উয়াহবি। তিনি বলেন, প্রতিটি ম্যাচেরই আলাদা বাস্তবতা ও ইতিহাস থাকে। আগের তুলনায় দুই দলই বদলেছে এবং আরও শক্তিশালী হয়েছে।

কোয়ার্টার ফাইনালে ওঠাকেই সাফল্যের শেষ ধাপ হিসেবে দেখতে রাজি নন মরক্কো কোচ। তার মতে, এই পর্যায়ে পৌঁছানো কোনো বোনাস নয়। ফ্রান্স হয়তো ফেভারিট, কিন্তু মরক্কোও জয়ের জন্য সর্বোচ্চ লড়াই করবে। তাদের লক্ষ্য কেবল শেষ চারে ওঠা নয়, বিশ্বকাপ জয়ের স্বপ্নও ধরে রাখা।