বরগুনার বেতাগী উপজেলায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ফয়সাল নামে এক যুবকের বিরুদ্ধে। হামলায় ওই শিক্ষার্থীর তিনটি দাঁত পড়ে গেছে এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ফয়সালের মা মোছা. শিরিন বেগমকে আটক করেছে পুলিশ। তবে ফয়সাল পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন আগে ১০ বছর বয়সী ওই শিক্ষার্থী বিদ্যালয়ের ওয়াশরুমে গেলে ফয়সাল সেখানে উঁকি দেন। বিষয়টি শিক্ষার্থীর নজরে পড়লে তিনি ঘটনাটি স্বজনদের জানান। পরে বিষয়টি জানাজানি হলে ফয়সাল তাকে মারধরের হুমকি দেন।

ভয়ে সোমবার শিক্ষার্থীর মা তাকে স্কুলে পাঠাননি। পরে এক শিক্ষক বাড়িতে গিয়ে তাকে বিদ্যালয়ে নিয়ে আসেন।

স্কুল ছুটির পর বাড়ি ফেরার প্রস্তুতিকালে বিদ্যালয় প্রাঙ্গণে ফয়সাল ওই শিক্ষার্থীর ওপর হামলা চালান বলে অভিযোগ। তাকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি লাথিও মারা হয়। একপর্যায়ে মুখে লাথি লাগলে সামনের তিনটি দাঁত পড়ে যায় এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্তের মাকে আটক করা হয়েছে। ফয়সালকে গ্রেফতারে অভিযান চলছে।