উজবেকিস্তানের সমরখন্দে চলমান ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডে ডেনমার্কের সঙ্গে ২-২ গেম পয়েন্টে ড্র করেছে বাংলাদেশ ওপেন দল।
রোববারের ম্যাচে বাংলাদেশের হয়ে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ডেনমার্কের আন্তর্জাতিক মাস্টার ওলসেন ফিলিপ বোয়েকে হারান। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে গ্র্যান্ডমাস্টার থিবো জেসপার সন্ডারগার্ড ও গ্র্যান্ডমাস্টার অ্যান্ডারসেন ম্যাডসের সঙ্গে ড্র করেন। তবে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার বিয়েরে জোনাস বুলের কাছে পরাজিত হন।
একই রাউন্ডে বাংলাদেশ নারী দল ৩-১ গেম পয়েন্টে হন্ডুরাসকে হারিয়েছে। বাংলাদেশের হয়ে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো জয় পান। অন্যদিকে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হন্ডুরাসের মেহিয়া কামিলার কাছে হেরে যান।
পাঁচ রাউন্ড শেষে ওপেন ও নারী—দুই বিভাগেই বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট করে।
সমরখন্দে অনুষ্ঠিত এবারের দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের ওপেন ও নারী দলকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

মন্তব্য করুন