হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বিজি-৫৮৫ ফ্লাইটের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১১ কোটি টাকা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুর থেকে ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজটিতে তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

গোয়েন্দা তথ্যে ফ্লাইটটিতে শতাধিক স্বর্ণবার থাকার সম্ভাবনার কথা বলা হয়েছিল। প্রায় চার ঘণ্টার টানা তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

প্রতিটি বারের ওজন ১০ তোলা। ফলে ৫০টি বারের মোট ওজন দাঁড়ায় ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি।

কাস্টমস কর্মকর্তারা জানান, স্বর্ণগুলো কোনো যাত্রীর ব্যাগেজে পাওয়া যায়নি; বরং উড়োজাহাজের টয়লেটে লুকানো ছিল। এগুলো কারা সেখানে রেখেছে এবং বিমানবন্দর থেকে বের করে নেওয়ার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, সেটিও তদন্ত করা হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।