পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর দলটির ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে মিছিলের আগে তাদের আটক করা হলো।

গ্রেফতার হওয়া তিন বোন হলেন—আলিমা খান, ডা. উজমা খান ও নোরিন খান। পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম এএফপিকে জানান, তিন বোন ও তাদের সন্তানদের হেফাজতে নেওয়া হয়েছিল। পরে শিশুদের ছেড়ে দেওয়া হয়। তিন বোনকে লাহোরের কোট লাখপত কারাগারে পাঠানো হয়েছে।

পিটিআইয়ের মুখপাত্র জুলফি বুখারি দাবি করেন, পাঞ্জাব পুলিশ আলিমা খানের বাড়িতে অভিযান চালিয়ে ইমরান খানের অন্য দুই বোন, তাঁর ভাগনে ও সন্তানদেরও হেফাজতে নেয়।

লাহোরের ডেপুটি কমিশনার রোববার (২০ সেপ্টেম্বর) তিন বোনের বিরুদ্ধে পৃথক দুটি আটকাদেশ জারি করেন। পাকিস্তানের জনশৃঙ্খলা রক্ষা আইনের আওতায় তাদের ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, পুলিশের সুপারিশের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে।

এর আগে আলিমা খানকে আটক করে কারাগারে পাঠানো হয়। তাঁর দুই ছেলে শাহরেজ খান ও শের শাহকেও সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছিল; পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে পাঞ্জাব পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ইমরান খানের মুক্তি এবং সংবিধানের প্রাধান্য নিশ্চিত করার দাবিতে ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে পিটিআই। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার কর্মসূচিটিকে অবৈধ বলে উল্লেখ করেছেন।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেছেন, দলটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তাদের দাবি আদায় করতে চায় এবং সংঘাত বা সহিংসতা এড়াতে চায়।