শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাতে জাপানের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কায় প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দুজন নিহত ও চারজন নিখোঁজ রয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ চারজনই কানাগাওয়া প্রদেশের বাসিন্দা। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।

জাপানের আবহাওয়া সংস্থা টাইফুনটি মানুষের জীবনের জন্য তাৎক্ষণিক বড় হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছিল। পরে কয়েকটি এলাকার সতর্কতার মাত্রা কমানো হলেও বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সর্বশেষ আবহাওয়ার তথ্য অনুসরণ করতে বলা হয়েছে।

টাইফুনের প্রভাবে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। কয়েকটি এলাকায় রেল চলাচলও বন্ধ রয়েছে।

দুজুয়ানের সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। ঝোড়ো বাতাসের গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত উঠেছে।

ভূমিধসে ইয়োকোসুকা শহরে ষাটের কোঠার এক নারী এবং চিবা প্রদেশের সোদেগাউরা শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে রক ইন জাপান সংগীত উৎসব ও টোকিও গেম শোর কয়েকটি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

দুজুয়ান এ বছর জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন। বর্তমানে এটি দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূল ধরে উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ নতুন করে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে।