নিজের সম্পদ নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তাঁর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা সব সম্পদের অর্থের উৎস বৈধ। এ বিষয়ে কোনো সন্দেহ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করতে পারে।

বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তাঁর নির্বাচনী হলফনামায় সব সম্পদের তথ্য উল্লেখ রয়েছে এবং তা নির্বাচন কমিশনের সার্ভারে সংরক্ষিত। এটি কোনো গোপন নথি নয়; যে কেউ সেখানে তাঁর সম্পদ, ব্যবসা, আয়কর, ব্যাংকঋণ, মূলধন ও মামলাসহ সংশ্লিষ্ট তথ্য দেখতে পারেন।

তিনি অভিযোগ করেন, তাঁর সম্পদের প্রকৃত চিত্র উপেক্ষা করে আংশিক তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। প্রতিমন্ত্রী হওয়ার পর তাঁর সম্পদ আট গুণ বেড়েছে—এমন দাবি সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

মীর শাহে আলম বলেন, তাঁর হলফনামায় মোট ১ হাজার ৮৩৫ শতক জমির তথ্য রয়েছে। কিন্তু এর মধ্যে মাত্র ৩১ শতক জমির তথ্য বিশেষভাবে তুলে ধরে ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে।

তিনি জানান, প্রতিমন্ত্রী হওয়ার পর কিছু জমি কেনা হলেও সেগুলো ব্যক্তিগত নামে নয়; বিভিন্ন কোম্পানি ও ফাউন্ডেশনের নামে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্যে কেনা হয়েছে। রূপসী রাইস, পুষ্টিবিল এবং একটি ফাউন্ডেশনের নামে এসব জমি ক্রয় করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ট্যাক্স কর্তৃপক্ষ চাইলে তাঁর সম্পদের অর্থের উৎস যাচাই করতে পারে। একটি প্রতিষ্ঠান বিক্রি করে তিনি ৪২ কোটি টাকা পেয়েছেন, যার বৈধ হিসাব রয়েছে। এছাড়া তাঁর আরও ১২ থেকে ১৩টি ব্যবসা রয়েছে, যেগুলোর আয়-ব্যয়ের বিষয়ও বিবেচনায় নেওয়া উচিত।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো ব্যক্তি বা রাজনীতিবিদ সম্পর্কে প্রতিবেদন প্রকাশের আগে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করা প্রয়োজন। বক্তব্যের আংশিক অংশ প্রকাশ না করে সম্পূর্ণ বক্তব্য তুলে ধরার আহ্বান জানান তিনি।