সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এপ্রিল মাসে ঘোষণা দিয়ে জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরুর কথা থাকলেও নভেম্বরের শেষ সপ্তাহেও শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী পৌঁছায়নি। ডিসেম্বরের মধ্যে বিতরণ সম্ভব হবে কি না, তা নিয়েও নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল ড্রেস ও জুতা প্রস্তুত রয়েছে। তবে বিতরণ শুরুর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছে তারা।
গত শুক্রবার (২৭ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাত বলেন, জামা ও জুতা প্রস্তুত আছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পাওয়া গেলে বিতরণ করা সম্ভব হবে।
এর আগে গত ৩ অক্টোবর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের জানুয়ারিতে নতুন বইয়ের সঙ্গে প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিফর্ম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে চলতি বছরের মধ্যে বিতরণ শুরু না হলে নতুন বছরের অপেক্ষায় থাকতে হবে শিক্ষার্থীদের।
গত ৮ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দেন। পরে ২২ এপ্রিল পরীক্ষামূলকভাবে প্রতিটি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রেস, জুতা ও পাটের ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত হয়। জুলাই থেকে কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা বাস্তবায়িত হয়নি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, অধিদপ্তরে দুই লাখ পাঁচ হাজার সেট স্কুল ড্রেস, ৬৭ হাজার ৯০০ জোড়া জুতা এবং এক লাখ ১৫ হাজার ২১৬টি স্কুল ব্যাগ জমা ছিল। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এসব সামগ্রী সংগ্রহ করা হয়েছে।
বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ থেকে দুই লাখের বেশি জামা এবং বাটা, বসুন্ধরা গ্রুপ, এপেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জুতা সংগ্রহ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সরবরাহ করেছে প্রায় এক লাখ পাটের ব্যাগ।
তবে সামগ্রী প্রস্তুত থাকলেও বিতরণ কার্যক্রম শুরু না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা এবং নতুন বছরের পরিকল্পনা বাস্তবায়নের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন