কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হুকস্ট্রাকে বহিষ্কারের দাবিতে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। এ দাবিতে করা একটি অনলাইন পিটিশনে ২ লাখ ৮০ হাজারেরও বেশি কানাডীয় নাগরিক স্বাক্ষর করেছেন। গত ২৬ নভেম্বর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আনুষ্ঠানিকভাবে পিটিশনটি উত্থাপন করা হয়।
কানাডার গ্রিন পার্টির সংসদ সদস্য এলিজাবেথ মে পার্লামেন্টে পিটিশনটি উপস্থাপন করেন। এতে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকারের কাছে পিট হুকস্ট্রাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে বহিষ্কারের আহ্বান জানানো হয়েছে।
এলিজাবেথ মে হুকস্ট্রাকে কানাডার ইতিহাসের অন্যতম অ-কূটনৈতিক রাষ্ট্রদূত হিসেবে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, হুকস্ট্রা বারবার কানাডীয় নাগরিকদের প্রতি অপমানজনক মন্তব্য করেছেন এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছেন।
কানাডীয়দের ক্ষোভের অন্যতম কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাবের প্রতি হুকস্ট্রার সমর্থন। গত বছর এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের এই বক্তব্যকে ‘ভালোবাসার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছিলেন।
এ ছাড়া কানাডার ২০২৫ সালের নির্বাচনে লিবারেল পার্টির জয়কে আমেরিকাবিরোধী বলেও সমালোচনা করেছিলেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের জন্য কানাডাকে দায়ী করার ইঙ্গিতও দেন এই রাষ্ট্রদূত।
এদিকে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই রাষ্ট্রদূতকে বহিষ্কারের এই দাবি নতুন করে কূটনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা পিটিশনটির বিষয়ে অবগত রয়েছে।

মন্তব্য করুন