এবার মানুষের মতো স্পর্শ অনুভব করে ভঙ্গুর ও নরম বস্তু ধরতে পারবে রোবট। এমনই এক অভিনব রোবট তৈরি করেছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন ও জাপানের জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা। হাতির শুঁড়ের গঠন ও স্পর্শ অনুভবের ক্ষমতা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই রোবটের নাম ‘এলিট্যাক’।
গবেষকদের দাবি, রোবটটি আঙুরের মতো নরম ফল কিংবা তাসের মতো পাতলা বস্তু সহজেই তুলতে পারবে, কোনো ক্ষতি না করেই।
রোবটটির শুঁড়ের মতো নরম অংশের ডগায় রয়েছে বিশেষ স্পর্শ সেন্সর। এর ভেতরে ক্যামেরা এবং বাইরে সিলিকনের আবরণ ব্যবহার করা হয়েছে। কোনো বস্তুকে স্পর্শ করলে সিলিকনের আবরণে সামান্য পরিবর্তন ঘটে। ক্যামেরা সেই পরিবর্তন ধারণ করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশ্লেষণ করে নির্ধারণ করে বস্তুটি ধরতে কতটা চাপ প্রয়োগ করতে হবে।
সেন্সরটি মাত্র শূন্য দশমিক ২৫ নিউটন বলও শনাক্ত করতে সক্ষম। ফলে খুব সূক্ষ্ম ও সংবেদনশীল বস্তু সামলানোও রোবটটির জন্য সহজ হবে।
প্রচলিত রোবট সাধারণত ক্যামেরা ও পূর্বনির্ধারিত নির্দেশনার ওপর নির্ভর করে কাজ করে। কিন্তু নতুন প্রযুক্তিতে স্পর্শের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাওয়ায় ভঙ্গুর বস্তু ধরার ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এর উৎপাদন খরচ। গবেষকদের হিসাবে, সেন্সরযুক্ত নরম ডগা তৈরিতে খরচ মাত্র ৫০ পেনি এবং পুরো যন্ত্রটির উৎপাদন খরচ ৭৫ পাউন্ডেরও কম। প্রচলিত প্রযুক্তির তুলনায় এটি প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী হতে পারে।
গবেষকদের আশা, ভবিষ্যতে উৎপাদনশিল্প, উদ্ধার অভিযান এবং জীবাশ্ম খননের মতো গুরুত্বপূর্ণ কাজে মানুষের স্পর্শ অনুভবের কাছাকাছি সক্ষমতাসম্পন্ন এই রোবট ব্যবহার করা সম্ভব হবে।

মন্তব্য করুন