মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। তবে এই সাফল্য যতটা সহজ শোনায়, বাস্তবে অর্জন করা ততটাই কঠিন বলে মন্তব্য করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেশম বলেন, টানা তিনবার সেমিফাইনালে ওঠা নিঃসন্দেহে অসাধারণ অর্জন। বাইরে থেকে বিষয়টি স্বাভাবিক মনে হলেও এত দূর পর্যন্ত পৌঁছানো মোটেও সহজ নয়।
তিনি বলেন, তার দলে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে। পেনাল্টি মিস এবং কয়েকটি সহজ সুযোগ নষ্ট হওয়ায় ম্যাচটি কিছুটা কঠিন হয়ে উঠেছিল। তবে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে তার কোনো সংশয় ছিল না। গোল করার আগেও এমবাপ্পে একের পর এক সুযোগ তৈরি করছিল। দল যে লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল, সেটি অর্জন করতে পেরেছে বলেও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এখন দলের মূল লক্ষ্য পর্যাপ্ত বিশ্রাম নিয়ে সম্ভাব্য প্রতিপক্ষের দিকে নজর দেওয়া বলে জানান দেশম।
দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে ও মানু কোনেকে তুলে নেওয়ার কারণও ব্যাখ্যা করেন ফরাসি কোচ। তিনি জানান, এমবাপ্পে গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন, আর কোনে হাঁটুতে আঘাত পাওয়ার পাশাপাশি পায়ের পেশিতে টান অনুভব করেন। বদলি হিসেবে নামা ওয়ারেন জাইর-এমেরি দারুণ খেলেছেন বলেও প্রশংসা করেন তিনি।
দেশমের ভাষায়, দলের প্রতিটি খেলোয়াড়কে সবসময় প্রস্তুত থাকতে হয়। তিনি সবসময় চেষ্টা করেন যেন স্কোয়াডের প্রত্যেকে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন।
মরক্কোর বিপক্ষে ম্যাচের প্রথম গোলটি করা কিলিয়ান এমবাপ্পেও জানিয়েছেন, তার চোট গুরুতর নয়। মাঠে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গোড়ালিতে সামান্য আঘাত পেয়েছিলেন, তবে এখন তিনি ভালো আছেন। শেষ ১৫ মিনিটে জ্যঁ-ফিলিপ মাতেতা তার চেয়ে ভালো অবস্থায় ছিলেন বলেই তাকে মাঠে নামানো হয়। সেই সিদ্ধান্ত সঠিক ছিল বলেও মন্তব্য করেন ফরাসি অধিনায়ক।
সেমিফাইনালে ওঠার পর দলের মানসিকতা নিয়েও কথা বলেন এমবাপ্পে। তিনি জানান, ফ্রান্স জানে জয়ের বিকল্প নেই। সেমিফাইনালে উঠতে পেরে সবাই আনন্দিত, তবে এখনও অনেক পথ বাকি। তাই এখন বিশ্রাম নিয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতিতেই মনোযোগ দেবে দল।
ম্যাচ শেষে মরক্কোর অধিনায়ক ও তার সাবেক পিএসজি সতীর্থ আশরাফ হাকিমির পরাজয় নিয়ে প্রশ্ন করা হলে এমবাপ্পে বলেন, মাঠে আবেগের কোনো জায়গা নেই। তারা জিততেই মাঠে নেমেছিলেন। তবে ড্রেসিংরুমে বন্ধুকে হতাশ অবস্থায় দেখতে কষ্ট হবে বলেও স্বীকার করেন এই ফরাসি তারকা।


মন্তব্য করুন