ঢাকা
২৪ আগস্ট ২০২৬

সংসদে কার্যকর ভূমিকা রাখতে হবে, নারী এমপিদের প্রতি প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৮ মে ২০২৬   ৩৬ বার পঠিত
সংসদে কার্যকর ভূমিকা রাখতে হবে, নারী এমপিদের প্রতি প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।

সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সভায় প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে দক্ষতা অর্জনের জন্য তথ্যসমৃদ্ধ হতে হবে এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। সংসদে বক্তব্য দেওয়ার সময় নারী এমপিদের সতর্ক ও দায়িত্বশীল থাকারও আহ্বান জানান তিনি।

তারেক রহমান ধর্মের অপব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা সম্পর্কে সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন। পাশাপাশি নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কর্মকাণ্ড তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় নারী সংসদ সদস্যরা সংসদীয় কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে মতামত তুলে ধরেন। বিএনপির ৩৬ জন নারী সংসদ সদস্যের মধ্যে ১৭ জন বক্তব্য রাখেন।

সভা শেষে সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে নারী সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031