হজযাত্রীদের বিমান টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ গ্রহণ এবং নির্ধারিত সময়ে টিকিট সরবরাহ না করার অভিযোগে রাজধানীর গ্রিন রোডের ট্রাভেল এজেন্সি ‘টিকিট কিংডম’-এর নিবন্ধন বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের এক আদেশে এজেন্সিটির নিবন্ধন সনদ বাতিল করা হয়। আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইন ও বিধিমালার আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, টিকিট কিংডমের স্বত্বাধিকারী উমায়ের করিম ইফতির বিরুদ্ধে গত ৫ মে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক ও প্রতিনিধিরা অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ মে নিবন্ধন কর্তৃপক্ষ শুনানির তারিখ নির্ধারণ করে। তবে নির্ধারিত শুনানিতে এজেন্সিটির স্বত্বাধিকারী কিংবা কোনো প্রতিনিধি উপস্থিত হননি।

আদেশে আরও উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, টিকিট কিংডমের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট দল কমিশনে প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদন পর্যালোচনার বরাতে মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের বিমান টিকিট দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও নির্ধারিত সময়ে টিকিট সরবরাহ করা হয়নি। এভাবে সংগৃহীত অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও প্রতিবেদনে উঠে আসে। এজেন্সিটির নিবন্ধন পুনর্বিবেচনার জন্য দুদক থেকেও অনুরোধ জানানো হয়েছিল।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টিকিট কিংডমের নিবন্ধনের মেয়াদ ছিল ২০২৪ সালের ১৭ এপ্রিল থেকে ২০২৭ সালের ১৬ এপ্রিল পর্যন্ত। তবে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং সংশ্লিষ্ট বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আগেই নিবন্ধন বাতিল করা হয়েছে।