ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

কাস্টমস সার্ভারে অনুপ্রবেশ, কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ২৭ বার পঠিত
কাস্টমস সার্ভারে অনুপ্রবেশ, কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা!

ছবি: -সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস সার্ভারে অবৈধভাবে অনুপ্রবেশ করে জাল নথির মাধ্যমে বিদেশি মদ ও সিগারেট খালাস এবং কোটি টাকার শুল্ক ফাঁকির অপচেষ্টার অভিযোগে শেখ সেজান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গত ১৫ জুলাই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের একটি বিশেষ দল।

শুক্রবার (১৭ জুলাই) সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম নগরের বন্দর থানায় দায়ের হওয়া দুটি মামলার তদন্তে শেখ সেজানের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সাইবার অপরাধ ও প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি সংঘবদ্ধ চক্র চীন থেকে বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত ফেব্রিক্স আমদানির ঘোষণা দিয়ে দুটি কন্টেইনারে গোপনে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ এবং ৫০ লাখ শলাকা বিদেশি সিগারেট দেশে আনে। পরে জাল কাস্টমস নথি ও ভুয়া ঋণপত্র তৈরি করে এনবিআরের নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম কাস্টমস হাউসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করা হয়। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পোর্টাল ব্যবহার করে পণ্য দুটি খালাসের প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা চালানো হয়। এতে সরকারের প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে বলে দাবি পুলিশের।

তদন্তে শেখ সেজানের প্রযুক্তিগত সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সিএমপি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ও বন্দর কর্তৃপক্ষের অনলাইন ব্যবস্থার নিরাপত্তার দুর্বলতার সুযোগ নিয়ে অন্যের ব্যবহারকারী পরিচয় ব্যবহার, পাসওয়ার্ড পরিবর্তন এবং প্রতারণামূলক কাস্টমস কার্যক্রমে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। একই মামলায় আগে গ্রেপ্তার হওয়া এক আসামির আদালতে দেওয়া জবানবন্দিতেও তার সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে।

পুলিশ জানায়, ডিজিটাল আলামত বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের ২০ মে একটি মোবাইল ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কাস্টমসের এক কর্মকর্তার ব্যবহারকারী পরিচয়ে অননুমোদিতভাবে প্রবেশ করা হয়। পরবর্তীতে একই পরিচয় ব্যবহার করে সিগারেট আমদানিসংক্রান্ত ঋণপত্র নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হয়।

এর আগে শেখ সেজানকে গ্রেপ্তারের লক্ষ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার বাড়িতে অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যান। তবে তার নামে নিবন্ধিত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রযুক্তিগত বিশ্লেষণে ওই মোবাইল ফোন থেকেই অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে অননুমোদিত প্রবেশের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

পুলিশের তথ্যমতে, শেখ সেজান এর আগেও সরকারি বিভিন্ন ওয়েবসাইটের আদলে ভুয়া প্ল্যাটফর্ম তৈরি, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, ভূমি উন্নয়ন করের রসিদ, টিকা সনদসহ বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম ও ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। তদন্তকারীদের দাবি, তিনি ও তার সহযোগীরা ভুয়া সরকারি ওয়েবসাইট পরিচালনার মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ডিজিটাল প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930