স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদরদপ্তরে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ নির্ধারিত প্রস্তুতি পর্বের পূর্ণ সুবিধা কাজে লাগাতে পারেনি।
তিনি স্পষ্ট করেন, প্রস্তুতিকাল বাড়ানোর আবেদন এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার জন্য নয়; বরং উত্তরণকে আরও কার্যকর, টেকসই ও স্থিতিশীল করতে এই অতিরিক্ত সময় প্রয়োজন।
তার মতে, অতিরিক্ত তিন বছর কাঠামোগত সংস্কার, সুশাসন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাতের সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতি বাংলাদেশের মসৃণ এলডিসি উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন