দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। বর্তমানে ৫৬টি উপজেলা, ৩৭৪টি ইউনিয়ন ও চারটি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এর মধ্যে কক্সবাজারে সর্বোচ্চ ৩২ জন, চট্টগ্রামে ১৬ জন, বান্দরবানে ৭ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুর্যোগে আহত হয়েছেন ৪০ জন।
বন্যাদুর্গত মানুষের জন্য ৭৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে বর্তমানে ২৯৮ জন আশ্রয় নিয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে নগদ অর্থ, চাল, শুকনো খাবার, শিশু খাদ্য, গোখাদ্য, ঢেউটিন এবং গৃহ নির্মাণ অনুদানসহ বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এর উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
ত্রাণ বরাদ্দের মধ্যে কক্সবাজারে ৪০ লাখ টাকা, ৪৫০ মেট্রিক টন চাল ও এক হাজার বান্ডিল টিন দেওয়া হয়েছে। চট্টগ্রামে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৫ লাখ টাকা, ১ হাজার ২০০ মেট্রিক টন চাল এবং অন্যান্য ত্রাণসামগ্রী। এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার ও হবিগঞ্জেও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন