ঢাকা
২১ জুলাই ২০২৬

আইম্যাক্স নিয়ে কেন এত আলোচনা?

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
আইম্যাক্স নিয়ে কেন এত আলোচনা?

ছবি: -সংগৃহীত

ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির পর আবারও আলোচনায় এসেছে আইম্যাক্স প্রযুক্তি। কারণ, এটি বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যা সম্পূর্ণ আইম্যাক্স ফিল্ম ক্যামেরায় ধারণ করা হয়েছে। নির্মাতাদের দাবি, সিনেমাটির প্রকৃত অভিজ্ঞতা পেতে হলে এটি আইম্যাক্স ৭০ মিলিমিটার ফরম্যাটেই দেখা উচিত।

আইম্যাক্স (IMAX) হলো এমন একটি চলচ্চিত্র প্রদর্শন প্রযুক্তি, যেখানে সাধারণ প্রেক্ষাগৃহের তুলনায় বড় পর্দা, উচ্চ রেজল্যুশনের প্রজেকশন এবং উন্নত সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়। এর ফলে দর্শক আরও বাস্তবসম্মত ও নিমগ্ন অভিজ্ঞতা পান।

‘দ্য ওডিসি’ মুক্তির পর আইম্যাক্স ৭০ মিলিমিটার নিয়ে আগ্রহের অন্যতম কারণ হলো, এই প্রযুক্তিসম্পন্ন প্রেক্ষাগৃহের সংখ্যা অত্যন্ত সীমিত। বর্তমানে যুক্তরাষ্ট্রে মাত্র ২৫টি এবং বিশ্বজুড়ে ৪১টি প্রেক্ষাগৃহে এই ফরম্যাটে সিনেমা প্রদর্শনের সুযোগ রয়েছে। ফলে টিকিটের চাহিদাও বেড়েছে কয়েক গুণ।

আইম্যাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গেলফন্ড জানিয়েছেন, অনেক প্রেক্ষাগৃহে টানা কয়েক সপ্তাহের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। তবে নতুন ফিল্ম প্রজেক্টর তৈরি করা সহজ নয়। কারণ, কয়েক দশক আগে ব্যবহৃত প্রযুক্তির অনেক যন্ত্রাংশ ও নকশা এখন আর সংরক্ষিত নেই। তাই পুরোনো প্রজেক্টর সংস্কার করেই চাহিদা পূরণের চেষ্টা চলছে।

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের পর দীর্ঘদিন ফিল্মভিত্তিক প্রজেক্টরের ব্যবহার কমে গেলেও ক্রিস্টোফার নোলান ও ডেনিস ভিলনেভের মতো নির্মাতাদের কারণে আবারও এই ফরম্যাটের প্রতি আগ্রহ বাড়ছে। ২০২৩ সালে ‘ওপেনহাইমার’-এর সাফল্যের পর আইম্যাক্স কর্তৃপক্ষ পুরোনো প্রজেক্টর পুনরুদ্ধার এবং নতুন প্রজেকশনিস্ট প্রশিক্ষণের মাধ্যমে প্রদর্শন সক্ষমতা বাড়িয়েছে।

‘ফিল্মড ফর আইম্যাক্স’ এবং ‘শট উইথ আইম্যাক্স’—এই দুটি শব্দও এখন আলোচনায়। ‘ফিল্মড ফর আইম্যাক্স’ বলতে আইম্যাক্স অনুমোদিত ডিজিটাল ক্যামেরায় ধারণ করা এবং আইম্যাক্স পর্দার জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করা চলচ্চিত্রকে বোঝায়। আর ‘শট উইথ আইম্যাক্স’ হলো আইম্যাক্সের বিশেষ ফিল্ম ক্যামেরায় ধারণ করা সিনেমা, যা বিশাল পর্দায় সর্বোচ্চ মানের ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়।

বিশেষজ্ঞদের মতে, আইম্যাক্স ৭০ মিলিমিটার প্রযুক্তির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে নোলানের মতো নির্মাতাদের আগ্রহ এবং দর্শকদের চাহিদার ওপর। তবে ‘দ্য ওডিসি’কে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা প্রমাণ করছে বড় পর্দায় ভিন্নধর্মী সিনেমা দেখার আগ্রহ এখনও অটুট।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031