https://timenewsbangla.com

বগুড়ায় পূর্ব বিরোধের জেরে আতিকুর রহমান সাগর মন্ডল (২৬) নামে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর মন্ডল সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মন্ডলের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগরের বিরোধ চলছিল। ঘটনার রাতে তিনি শ্বশুরবাড়ি চালিতাবাড়ি এলাকায় অবস্থান করছিলেন। পরিবারের সদস্যরা ঘরে খাবার খাওয়ার সময় তিনি বাড়ির উঠানে ছিলেন। এ সময় একদল লোক টিনের গেট ভেঙে বাড়িতে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।
আহত অবস্থায় সাগর পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মারজিয়া খাতুন অভিযোগ করেন, হামলাকারীরা তার স্বামীকে হত্যার পাশাপাশি তাকে ভয়ভীতি দেখায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময়ও দুর্বৃত্তরা তাদের পিছু নেয় বলে দাবি করেন তিনি।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে তদন্ত চলছে।
পুলিশ জানায়, নিহত সাগর মন্ডলের বিরুদ্ধে মারামারি, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।