রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহানগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় পারিলা শাখায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ব্যাংকটি লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা দুটি ব্যাংকের জানালায় আঘাত হেনে বিস্ফোরিত হয়। এরপরই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংকটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।