https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে পাঁচ দিন পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।
মঙ্গলবার (৪ আগস্ট) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের পূর্বাভাসে জানানো হয়, বুধবার থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং অনেক স্থানে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্তও বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যদিও ধীরে ধীরে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে এবং বৃষ্টির বিস্তৃতি কমতে শুরু করবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পর সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে। এ সময় পর্যন্ত ভারী বৃষ্টিপ্রবণ এলাকায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।