https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দীর্ঘদিনের ইলিশের খরা কাটিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সাগরে জেলেদের জালে ধরা পড়ছে বিপুল পরিমাণ ইলিশ। ‘এফবি আবদুল্লাহ’ নামে একটি ট্রলারে ধরা পড়েছে প্রায় ৮০ মণ ইলিশ, যা নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে আলীপুর-মহিপুর মৎস্য বন্দরের ‘সিফাত ফিশ’ আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ বিক্রি করা হয়। একসঙ্গে এত ইলিশ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।
জানা গেছে, বাদশা মাঝির নেতৃত্বে ১৮ জেলে চার দিন আগে গভীর সাগরে মাছ ধরতে যান। দুই দিন মাছ ধরার পর মঙ্গলবার পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি এলাকায় জালে বিপুল পরিমাণ ইলিশ ওঠে। পরে বুধবার মাছগুলো আলীপুর মৎস্য বন্দরে এনে নিলামে তোলা হয়।
ট্রলারটির মাঝি বাদশা বলেন, দীর্ঘদিন ধরে সাগরে বড় মৌসুমের মতো ইলিশের দেখা মিলছিল না। হঠাৎ প্রায় ৮০ থেকে ৯০ মণ ইলিশ ধরা পড়ে। মাছগুলো তুলনামূলক ছোট হলেও ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশ কিছুদিন সাগরে ইলিশের সংকট ছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে ইলিশের পরিমাণ আরও বাড়তে পারে।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণকেন্দ্র আলীপুর-মহিপুর বন্দরে প্রতিদিন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ কেনাবেচা হয়। দীর্ঘদিন পর একসঙ্গে বিপুল ইলিশ ধরা পড়ায় সংশ্লিষ্ট জেলে ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।