https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নাটোরে অভিনব কায়দায় দেহের ভেতরে হেরোইন লুকিয়ে পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাতে শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মৈশালবাড়ী গ্রামের আকতারের ছেলে সাকিবুর রহমান ওরফে সাকিব (৩৮) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বদিউজ্জামান আকন্দের ছেলে মিন্টু আকন্দ (৪৩)।
র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ বড়গাছা এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও দুজনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা দেহের ভেতরে মাদক লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে বিশেষ কায়দায় পায়ুপথে কনডমে মোড়ানো অবস্থায় রাখা ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিবুর জানান, রনি নামে এক মাদক কারবারির কাছ থেকে হেরোইন সংগ্রহ করে তিনি তা দেহের ভেতরে বহন করছিলেন। চালানটি মিন্টুর কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি সেখানে এসেছিলেন।
পরে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।