পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এদিকে মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এ ঘটনায় একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এর সঙ্গে জড়িতদের পরিণতি ভোগ করতে হবে।
জাহেদ উর রহমান বলেন, মৃত্যুর পর একজন মানুষের মরদেহের সঙ্গে এমন আচরণ কেউ ভালোভাবে নেন না। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। যারা এসব কর্মকাণ্ডে জড়িত হন, তারা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হন; মানুষের সমর্থন বা প্রশংসা পান না।
চব্বিশ-পরবর্তী সময়ে মৌলবাদী ও অতি ডানপন্থি উগ্রবাদীদের তৎপরতা এবং টঙ্গীতে এক শিশুকে নির্যাতনের ঘটনা নিয়েও কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, সরকার এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে। টঙ্গীর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের প্রবণতা কমে আসবে। রাষ্ট্রের আইন অমান্য করে কেউ পার পাবে না, সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার তার অবস্থান থেকে সরে আসেনি।

মন্তব্য করুন