https://timenewsbangla.com

উত্তর-পূর্বাঞ্চলের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বাড়ায় হবিগঞ্জ ও মৌলভীবাজারের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি কিছু স্থানে সতর্কসীমায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং উজান এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। আগামী একদিন পানি আরও বাড়তে পারে। এরপর দুই দিন তা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানিও বেড়েছে। আগামী একদিন এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে।
সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বাড়ছে। আগামী তিন দিন এ দুই নদীর পানি আরও বাড়ার পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনার পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও পরবর্তী চার দিনে বাড়তে পারে। গঙ্গা-পদ্মার পানি আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে।
উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলার পানি বর্তমানে স্থিতিশীল এবং দুধকুমারের পানি কমেছে। তবে আগামী দুই দিনে এসব নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।