https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোসা. রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শে চোখ দেখাতে রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।
রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। আকস্মিক টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে যান রনজিনা। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই ছিনতাইকারী ও তার ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তে কাজ করছে পুলিশ। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। দ্রুতই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
এদিকে আকস্মিক এ ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে পরিবারের সদস্যরা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।