https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদের মধ্যেও ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। তাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে সরকার তাদের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আবেগঘন বক্তব্যে তারেক রহমান বলেন, আজকের অনুষ্ঠানটি অত্যন্ত বেদনাদায়ক। যাদের আজ দেশের মানুষের মাঝে থাকার কথা ছিল, তাদের অনেকেই নেই। তাদের মহান ত্যাগের বিনিময়েই দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারীদের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এসব আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্তদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, বাস্তবতার কারণে সবকিছু দ্রুত করা সম্ভব না হলেও সরকার তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। যারা দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করবে।
আন্দোলনকারীদের আত্মত্যাগকে সরকারের কাজের অন্যতম প্রধান প্রেরণা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ত্যাগ, সমর্থন ও সহযোগিতাই সরকারকে পূর্ণ উদ্যমে কাজ করার সাহস জোগাচ্ছে। তারাই সরকারের শক্তি ও উদ্দীপনার মূল উৎস।
শহীদ পরিবারের সদস্যদের সরকারের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের সমর্থন ও উৎসাহ পেলে শহীদসহ সব আত্মত্যাগী গণতান্ত্রিক যোদ্ধার দেশ ও জাতিকে নিয়ে দেখা প্রত্যাশা পূরণে সরকার আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।
অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অনুভূতি তুলে ধরেন।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক ও শাহরিয়ার পামিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।