https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত টার্মিনালের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও আনুষঙ্গিক কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। এসব কাজ শেষ করা, বকেয়া পরিশোধ ও টার্মিনাল চালুর জন্য এ অর্থ প্রয়োজন।
মন্ত্রী বলেন, অতিরিক্ত বরাদ্দ দেওয়া হলে দ্রুত টার্মিনাল চালু করা সম্ভব হবে। এতে বর্তমানের তুলনায় দ্বিগুণ যাত্রীসেবা দেওয়ার সুযোগ তৈরি হবে এবং বাড়তি আয় দিয়ে জাইকার ঋণ পরিশোধ করা সহজ হবে।
এর আগে সংসদ সদস্য হান্নান মাসউদ প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও সিএজির প্রতিবেদনে অনিয়মের তথ্য তুলে ধরে অতিরিক্ত অর্থ বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিকে অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া বৃদ্ধির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাধারণ ওয়ান-ওয়ে টিকিটের মূল্য ১২ হাজার টাকা নয়। করসহ একটি টিকিটের স্বাভাবিক মূল্য প্রায় ৬ হাজার ৩০০ থেকে ৬ হাজার ৪০০ টাকা।