ঢাকা
৩১ আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৭৯৪, নিখোঁজ ৩ হাজারের বেশি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৭৯৪, নিখোঁজ ৩ হাজারের বেশি

ছবি: -সংগৃহীত

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৭৭৮ এবং তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৪৮ জন।

নিখোঁজদের মধ্যে নেপালের ২ হাজার ৫০২ এবং তিব্বতের ৫৪৬ জন রয়েছেন। এছাড়া ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ ৩৫টি দেশের প্রায় ৮০০ বিদেশি নাগরিকও নিখোঁজদের তালিকায় রয়েছেন।

গত ২৬ আগস্ট নেপালের রাসুয়া ও তিব্বতের গিরং জেলায় ব্যারিয়ার লেক ভেঙে লাখ লাখ ঘনমিটার পানি, কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নেমে আসে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া; পাশের নুয়াকোট, ধাদিং ও চিৎওয়ানেও ব্যাপক ক্ষতি হয়েছে।

দুর্যোগের পর দুই দেশে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। তবে প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পার্বত্য এলাকায় হওয়ায় বারবার ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। নেপালের প্রতিরক্ষা বাহিনী হেলিকপ্টারে করে আটকে পড়াদের উদ্ধার, মরদেহ অনুসন্ধান ও ত্রাণ পৌঁছে দিচ্ছে।

এদিকে ভোতেকোশি নদীতে আরও একটি ব্যারিয়ার লেক তৈরি হয়েছে বলে জানিয়েছে চীন। এটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।