দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। ইনস্টাগ্রামে বিজয় স্ত্রী রাশমিকাকে আনফলো করেছেন—এমন আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে। তবে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ, বিজয় ইনস্টাগ্রামে কাউকেই অনুসরণ করেন না বলে জানা গেছে। এমনকি রাশমিকাকেও নয়। অন্যদিকে, রাশমিকা এখনো বিজয়কে অনুসরণ করছেন।

সম্প্রতি এই তারকা দম্পতির সম্পর্ক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কার্যক্রম নিয়ে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই বিজয় রাশমিকাকে আনফলো করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তাঁর অনুসরণ তালিকায় কাউকে না রাখার বিষয়টি নতুন নয়। ফলে এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা তৈরি হয়েছে বলে নিশ্চিতভাবে বলার সুযোগ নেই। এ বিষয়ে বিজয় বা রাশমিকা কেউই প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।

এদিকে সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’ অনুষ্ঠানে নিজেদের সম্পর্ক ও বিয়ে নিয়ে কথা বলেন এই তারকা দম্পতি। সেখানে বিজয় জানান, ইতালিতে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু পছন্দমতো আংটি না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

পরে বিয়ের আগে সংগীত অনুষ্ঠানের দিন রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেন বিজয়। তাঁর ইচ্ছা ছিল, জীবনের এই বিশেষ মুহূর্তের অনুভূতি থেকে যেন রাশমিকা বঞ্চিত না হন।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের উদয়পুরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের পর বিয়ের মাধ্যমে সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন তাঁরা।

২০১৮ সালে প্রথমবার একসঙ্গে কাজ করেন এই দুই তারকা। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। দীর্ঘদিন নিজেদের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিলেও শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে একসঙ্গে জীবন শুরুর সিদ্ধান্ত নেন তাঁরা।

ইনস্টাগ্রামে অনুসরণ করা নিয়ে নতুন এই আলোচনা ছড়ালেও তারকা দম্পতির ব্যক্তিগত সম্পর্কে কোনো টানাপোড়েন চলছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি।