ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী

বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেনি, সংসদীয় গণতন্ত্রও দলটির হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের পর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে তাঁর সরকার গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাতে আইপিইউ সেক্রেটারি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও বাড়বে। বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদারে আইপিইউ আগ্রহী বলেও জানান তিনি।

আন্দা ফিলিপ বিএনপির নির্বাচনী ইশতেহারে শিক্ষা ও কমিউনিটিভিত্তিক বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন। পাশাপাশি গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সাক্ষাতে নারীর ক্ষমতায়নের বিষয়টিও আলোচনায় আসে। প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

এ ছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্পের মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930