https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন গ্রাহকরা।
এ বিষয়ে মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এ ব্যবস্থা ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা ধরা হয়েছে। এর সঙ্গে ২০ শতাংশ মুনাফা ও ১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যোগ করে গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহকারী গ্রাহকরা এ সুবিধা পাবেন। তারা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছর প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা পাবেন।
প্রণোদনার অর্থ প্রতি তিন মাসে গ্রাহকের ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে। কোনো অবস্থাতেই নগদে অর্থ দেওয়া হবে না। তবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির পর স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে এ বিশেষ প্রণোদনা প্রযোজ্য হবে না।
এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও মিটারসহ সব সরঞ্জাম বিএসটিআই ও স্রেডার নির্ধারিত কারিগরি মানদণ্ড পূরণ করতে হবে।
সরকারের আশা, এ উদ্যোগ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধি ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।