পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যাতে সংশ্লিষ্ট সব পক্ষই সমানভাবে উপকৃত হয়। অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে সরকার অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।

দেশের শিল্প ও বাণিজ্য খাতকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

জ্বালানি সংকট মোকাবিলায় শিল্প মালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নিটওয়্যার খাতের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।